কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অবশেষে মুক্তি পেয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর পিজন সেল থেকে খালেদা জিয়াকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে আজ দুপুরে আইজি পিজন্সের কাছে বেগম খালেদা জিয়ার মুক্তির আদেশ পৌঁছায়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা ছয় মাসের জন্য স্থগিত করে দুই শর্তে তাকে মুক্তি দেয়া হলো। শর্ত অনুযায়ী তিনি এই সময়ে বিদেশ যেতে পারবেন না। নিজ বাসায় থেকে চিকিৎসা নিতে হবে।
বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়ার মুক্তি হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আবেদনের ফাইলে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই কিছুক্ষণের মধ্যেই মুক্তি পেতে যাচ্ছেন বিএনপি নেত্রী।
তার আগে গতকাল এক সংবাদ সম্মেলনে খালেদাকে মুক্তির সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। তখন আইনমন্ত্রী জানিয়েছিলেন, ‘মানবিক দিক বিবেচনায় সরকার বেগম খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে।’
বার্তা বাজার / ডাব্লিও.এস