বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণে এর প্রতিরোধে চলছে সর্বোচ্চ প্রচেষ্টা। আমাদের দেশেও রাষ্ট্রীয় পর্যায়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও এই সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে নেয়া হচ্ছে নানাবিধ কর্মকান্ড। এরই ধারাবাহিকতায় প্রাণঘাতী করোনা প্রতিরোধে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে সৃজনশীল সাংবাদিকতার প্রাণকেন্দ্র আশুলিয়া প্রেসক্লাব ।
বুধবার (২৫ মার্চ) দুপুরে আশুলিয়ার বাইপাইলে অবস্থিত আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এ মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণের সাথে সাথে সবাইকে করোনা প্রতিরোধেও সচেতন করা হয়। এসময় সবাইকে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতেও নিরুৎসাহিত করা হয়েছে।
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহীদুল্লাহ মুন্সীর নেতৃত্বে এই জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচি সম্পন্ন হয়।

এসময় তিনি জানান, দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমিত যাতে না হয় এজন্য প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। এই ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আজকে সহ ইতোমধ্যে পাঁচজন মারা গেছেন। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করার নির্দেশ প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় আমরা আশুলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে শিল্পাঞ্চলের খেটে খাওয়া মানুষকে সচেতন করার পাশাপাশি দুঃস্থ ও নিম্নবিত্ত মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছি। এধরণের কর্মসূচি সামনেও অব্যহত থাকবে বলেও জানান তিনি।

মাস্ক বিতরণ অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন- আশুলিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ তুহিন আহামেদ, আশুলিয়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো: মনির মন্ডল, যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি মেহেদি হাসান মিঠু, দৈনিক দিনকালের আশুলিয়া প্রতিনিধি নজরুল ইসলাম মানিক, বাংলাদেশ বুলেটিনের আশুলিয়া প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন সাগর, বার্তাবাজার অনলাইন পোর্টালের নিজস্ব প্রতিবেদক এবং দৈনিক আজকের দর্পণ ও দৈনিক নবচেতনা পত্রিকার সাভার প্রতিনিধি মোঃ আল মামুন খান প্রমুখ সহ আশুলিয়া প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বার্তা বাজার / ডাব্লিও.এস