প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চট্রগ্রামে টহল শুরু করেছে সেনাবাহিনী। সামাজিক দূরত্ব ও সতর্কতা নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করবে তারা।
বুধবার (২৫ মার্চ) সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহযোগিতায় নগরীর প্রতিটি এলাকায় টহল শুরু করে সেনাবাহিনী। এ সময় তারা বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে অযথা রাস্তায় অবস্থান না নিতে জনগণের প্রতি আহ্বান জানান। ভিড় এড়িয়ে বাসায় ফিরে যেতে মাইকিংও করেন তারা। প্রথম পর্যায়ে অনুরোধ করলেও পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন সেনা সদস্যরা।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা, কোথাও যেন জনসমাগম না হয়, কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন কেউ বাড়াতে না পারে ও সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে প্রশাসনকে সহায়তা করতে সেনা সদস্যদের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জনে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন। সব মিলিয়ে ৩৯ জনের শরীরে করোনার অস্তিত্ব পেয়েছে আইইডিসিআর।
এর আগে ২৩ মার্চ সারা দেশে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বার্তা বাজার / ডাব্লিও.এস