সারা বিশ্বে থাবা বসিয়েছে মরণ ভাইরাস করোনা। এই ভাইরাসের আতঙ্কে রীতিমতো কাঁপছে গোটা বিশ্ব। এরই মধ্যে প্রকাশ্য আঁতকে ওঠার খবর, স্প্যানিশ আর্মাডার দেশে একরাতে আক্রান্তের সংখ্যা বাড়ল ৬,৬০০। যা দেখে চোখ কপালে উঠেছে বিশেষজ্ঞদের।
পরিসংখ্যান জানাচ্ছে, সোমবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৩৩ হাজার ৮৯টি, সেখানে মঙ্গলবার আক্রান্ত বেড়ে হয়েছে ৩৯ হাজার ৬৭৩ জন। একইসঙ্গে সোম থেকে মঙ্গলবারের একরাতে ২ হাজার ১৮২ থেকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৬৯৬ জন। অর্থাৎ একরাতে মৃত্যু হয়েছে ৬০০ লোকের।
ইতিমধ্যেই করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য স্প্যানিশ সেনাবাহিনীর সাহায্যে মাদ্রিদে গত দুই দিনে নির্মিত হয়েছে পাঁচ হাজার বেডের হাসপাতাল ‘ইফেমা হাসপাতাল মাদ্রিদ’। ভাইরাসের হাত থেকে দেশের অর্থনীতি ও সমাজকে বাঁচাতে ২০০ বিলিয়ন ডলার ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছে সে দেশের সরকার।
স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ ১১ই এপ্রিল পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করেছেন। লকডাউনের জেরে ৪ কোটি ৬০ লাখের বেশি মানুষ এখন গৃহবন্দি রয়েছেন। বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সব ধরনের দোকান, শিক্ষা-প্রতিষ্ঠান, অফিস, আদালত। তবে ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দোকান খোলা রয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, স্পেন জুড়ে বিভিন্ন বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে বয়স্কদের মৃতদেহ পড়ে থাকতে দেখছে স্পেনীয় সেনারা। সবমিলিয়ে আতঙ্ক বাড়িয়ে ক্রমেই যেন ইতালির পথেই এগোচ্ছে স্পেন।
বার্তাবাজার/কে.জে.পি