ঘরবন্দি, তাই সকালের চায়ের সঙ্গে কাগজ চাই

শুরু হল ব্রিটেন জুড়ে লকডাউন। আজ প্রথম দিন। প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়ে দিয়েছেন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোলে জরিমানা করতে পারে পুলিশ। মুদির দোকান, সুপার মার্কেট, পোস্ট অফিস, ওষুধের দোকান আর মণিহারি দোকান ছাড়া সব বন্ধ। প্রকাশ্যে একসঙ্গে দু’জনের বেশি মানুষের জড়ো হওয়া বন্ধ।

হ্যাঁ, করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে সব বন্ধ। কিন্তু বন্ধ নয় খবরের কাগজ।

লকডাউনই হোক বা সামাজিক ভাবে কার্যত বিচ্ছিন্ন হয়ে থাকা– রোজ সকালে দরজায় (লন্ডনে, চিঠির বাক্সে) খবরের কাগজের আছড়ে পড়ার শব্দটার জন্য কিন্তু অপেক্ষা করে থাকে মানুষ। টিভির খবর আছে ঠিকই, কিন্তু সকালের চায়ের সঙ্গে খবরের কাগজ যেন একটা বাড়তি ভরসা। আর প্রবীণদের কাছে খবরের কাগজ যে ‌’লাইফলাইন’, তা আর বলার অপেক্ষা রাখে না। খবর পড়ার পরে এঁরা অনেকেই শব্দছকের পাতাটা খুলে জমিয়ে বসেন। কেউ মন দেন সুদোকু-তে।

করোনার সময়ে খবরের কাগজ থেকে সংক্রমণ ছড়াতে পারে বলে একটা তত্ত্ব রটেছে। সেটা বিশেষজ্ঞেরা উড়িয়েও দিয়েছেন। জানিয়ে রাখি, ব্রিটেনে লকডাউন সত্ত্বেও সব খবরের কাগজ শুধু যে ছাপা হচ্ছে তা-ই নয়, নিয়মিত বাড়িতে পৌঁছেও দেওয়া হচ্ছে।

এখানে আপনি কাগজ বাড়িতে নিতে পারেন, অথবা পত্রপত্রিকার স্টলে বা সুপারমার্কেটে গিয়ে কিনতে পারেন। সকালে প্রকাশিত ‘মেট্রো’, আর দুপুরের ‘ইভনিং স্ট্যান্ডার্ড’– দু’টো কাগজই পাঠকেরা পান বিনামূল্যে। কাগজ রাখা থাকে টিউব স্টেশনের মতো জায়গায়। অফিসে যাতায়াতের পথে লোকে তুলে নেন ইচ্ছেমতো।

এমন সব পদক্ষেপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর দেখেনি ব্রিটেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর