ফরিদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি দোকান ভস্মীভূত

ফরিদপুরের সদর উপজেলার অন্যতম ব্যবসায়ীক কেন্দ্র কানাইপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বাজারের জুতা পট্টিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফরিদপুর, মধুখালী ও সালথা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন জানান, ঘটনার সময় হঠাৎ করে বাজারের জুতাপট্টির একটি দোকানে আগুন জ্বলে ওঠে। দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই বাজারের চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় জুতাপট্টির পাশাপাশি চালের বাজার ও গোডাউনেও আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে জুতার দোকান, কসমেটিকস , হার্ডওয়্যার, ওষুধ, ইলেকট্রনিকস, চালের দোকান, মুদি দোকানসহ ২২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দুই কোটি টাকা।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই ছুটে আসেন ফরিদপুরের পুলিশ সুপার মো আলিমুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা, ফায়ার সার্ভিসের এডি, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ও কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর