করোনা: মৃতের সংখ্যা ১৮ হাজার, আক্রান্ত ৪ লক্ষাধিক

চীন থেকে জন্ম নেওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবা চীন গুটিয়ে নিলেও তা ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্য সব দেশে। ফলে চীনের মহাপ্রাচীর গতকাল থেকে পর্যটকদের জন্য খুলে দিলেও বিশ্বের অন্যান্য অঞ্চলে আক্রান্তের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। আর এর ভয়াবহতা আঁচ করে অনেক দেশ লকডাউন ঘোষণা করছে।

গতকাল বিশ্বের সর্ববৃহৎ লকডাউন ঘোষণার ফলে ২১ দিনের জন্য বন্ধ হয়ে গেছে ভারতের যোগাযোগ, অফিস-আদালতসহ সকল কর্মকান্ড। এর আগে ব্রিটেনেও লকডাউন ঘোষণা করা হয়েছে।

এদিকে গতকাল রাত পর্যন্ত দুনিয়াজুড়ে মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটার গতকাল রাতে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৯৬টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৯১৩ জন। এর মধ্যে ১৮ হাজার ২৬০ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৭ হাজার ৭৩ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, ২৬ মিলিয়নের বেশি স্বাস্থকর্মী করোনা রোগীদের চিকিৎসা দেবেন। এর আগে সংস্থাটির কর্মকর্তারা সতর্কতা উচ্চারণ করে বলেছিলেন, করোনার বিস্তার মাত্র কয়েক সপ্তাহে বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকে নড়বড়ে করে দিতে পারে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর