দীর্ঘদিন ধরে কারাবন্দি বিএনপি প্রধান বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মানবিক দিক বিবেচনায় ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার দণ্ডাদেশ ছয় মাসের জন্য স্থগিত করে দুই শর্তে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে বলে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জানান আইনমন্ত্রী আনিসুল হক।
‘খালেদার মুক্তি স্বস্তিকর’ শিরোনামে নিজের ফেসবুক পেইজে মঙ্গলবার বিকাল ৫টা ১৭ মিনিটে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল। নিম্নে তার লেখা পোস্টটি হুবহু উল্লেখ্য করা হলো-
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে। সাজা স্থগিত রেখে তাঁকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এই সিদ্ধান্তকে স্বাগত জানাই, সরকারকে ধন্যবাদ জানাই। বেগম জিয়ার মরনাপন্ন অবস্থা হয়েছে বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা এনিয়ে সমাজে সন্দেহ থাকতে পারে। এমন ধারনাও থাকতে পারে যে করোনা পরিস্থিতির কারণে বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যে বিবেচনায় উনি সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাচ্ছেন একই বিবেচনায় কেন উনি জামিন পাননি কিছুদিন আগেও – এই প্রশ্নও তুলতে পারে কেউ।
আমি তবু সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। কারণ উনার মুক্তির পেছনে যে বিবেচনা থাকনা কেন, মুক্তির সিদ্ধান্তটি বেগম জিয়ার জন্য ভালো। আমাদের নেতা নেত্রীরা একে অন্যের জন্য ভালো সিদ্ধান্ত নিলে তা দেশের জন্যও ভালো।
বেগম জিয়া দ্রুত সুস্থতা কামনা করছি। কামনা করছি বড় দুদলের সম্পর্কের সুস্থতার।
বার্তাবাজার/এসজে