করোনা ভাইরাসের প্রভাব রোধ করতে বিদেশ থেকে আসা প্রবাসীদের রাখা হয়ে কোয়ারেন্টাইনে। তাইতো কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে নিজের বাড়িতে হোম কোয়ারেন্টাইন থাকা দুবাই প্রবাসী মোহাম্মদ আলমের জন্য ফল পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমে তিনি ফলের প্যাকেট পাঠান। ফলের প্যাকেটে আপেল, কমলা, জুস, মাল্টা, আঙ্গুর রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, প্রবাস থেকে এসে যারা বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন, তাদের অনুপ্রাণিত করতে আমি এ উদ্যোগ নিয়েছি। যাতে তারা অনুভব করেন যে আমরা তাদের পাশে আছি। সব জনপ্রতিনিধির মাধ্যমে উপজেলা প্রশাসন হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের এমন ফলের প্যাকেট পাঠাবে।
প্রসঙ্গত, দুবাই থেকে সম্প্রতি দেশে ফেরেন মোহাম্মদ আলম। এরপর প্রশাসনের নির্দেশে তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন।
কেএ/বার্তাবাজার