গত ১৩ মার্চ ৭৫ বছর বয়সী বৃদ্ধা ওমরা করে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। এবার তার শরীরেই করোনা ভাইরাস ধরা পড়লো। ওই বৃদ্ধার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায়। ঢাকায় তার নমুনা পাঠিয়ে পরীক্ষার ফলাফলে করোনার উপস্থিতি টের পাওয়া যায় বলে জানিয়েছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের সুপার ডা. মোহাম্মদ মহিউদ্দিন।
ডা. মহিউদ্দিন বলেন, জ্বর,সর্দি,গলা ব্যথা ও কাশি থাকায় গত ১৮ মার্চ সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার মাঝে করোনার লক্ষণ থাকায় বিশেষ পর্যবেক্ষনে রাখা হয় তাকে। আর তার পরিবারের লোকজনও গোপন করেন তার ওমরায় যাওয়ার বিষয়টা। অনেক জিজ্ঞাসাবাদের পর তারা স্বীকার করে।
এরপর ২২ মার্চ পরীক্ষার জন্য তার নমুনা পাঠানো হয় আইইডিসিআর-এ। মঙ্গলবার (২৪ মার্চ) পাওয়া রিপোর্টে নিশ্চিত হওয়া যায় তার করোনায় আক্রান্তের কথা। সেই হিসাবে এই বৃদ্ধাই কক্সবাজার জেলার প্রথম আক্রান্ত রোগী।
আক্রান্ত বৃদ্ধার ছেলে জানায়, ওমরা থেকে ফেরার পর পরিবারের প্রায় সবাই মায়ের সংস্পর্শে ছিলাম। এ কারণে পরিবারের সবাই হোম কোয়ারেন্টাইনে রয়েছি।
বার্তাবাজার/এসজে