হাজার লোকের জমায়েত করে আ. লীগ নেতার বাবার জানাজা

সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে মরণঘাতী করোনাভাইরাস। আর এ ভাইরাস থেকে বাঁচতে প্রধান এবং প্রথম কাজ হচ্ছে গণজমায়েত না করা। কিন্তু কে শুনে কার কথা। লক্ষ্মীপুরে এক আওয়ামী লীগ নেতার বাবার জানাজায় মাইকে প্রচার করে হাজারও মানুষের জমায়েত করা হয়েছে।

আজ মঙ্গলবার জেলা শহরের লিল্লাহ মসজিদ প্রাঙ্গণে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের বাবা সুলতান আহমেদ চৌধুরীর জানাজায় এ গণজমায়েত ঘটে।

দুপুরে অনুষ্ঠিত ওই জানাজায় জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, ‘নুর উদ্দিন চৌধুরীকে গণজমায়েত না করে সীমিত পরিসরে জানাজার আয়োজনের কথা বলা হয়েছে। গণজমায়েত করে জানাজার আয়োজন করে থাকলে তিনি আমাদের নির্দেশনা অমান্য করেছেন।’

জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা ইকবাল হোসেন জানান, বিশ্বে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে এই জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৭০৯ জন বিদেশ থেকে এসেছেন। তাদের মধ্যে মাত্র ৭৩৯ জন হোম কোয়ারেন্টিনে আছেন।

প্রসঙ্গত, কয়েকদিন আগে একই জেলার রায়পুর উপজেলায় করোনাভাইরাস থেকে মুক্তির জন্য বিপুল গণজমায়েত করে দোয়ার আয়োজন করা হয়েছিল।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর