মরণ ভাইরাস করোনা সংক্রমণ ঠেকাতে অতি সতর্কতা হিসেবে রাজ্যের তরফে কলকাতা সহ পুর এলাকাগুলিতে ২৭ মার্চ গভীর রাত পর্যন্ত ‘লক ডাউন’ ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেল পাঁচটায় সেই নির্দেশ কার্যকর হওয়ার পর বাঁকুড়ার সোনামুখী শহরের ছবিটা দ্রুত বদলাতে শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকে শহরের নিষেধাজ্ঞার বাইরে থাকা দোকান গুলির বাইরে সব কটি দোকান বন্ধ। খুব জরুরী প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন না।
এর মধ্যেও উল্টো ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। ওষুধ ও শাক সব্জীর দোকানগুলিতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে। সরকারি নির্দেশানুসারে যেখানে সাত জনের বেশী জমায়েত করা যাবে না, সেখানে ওষুধের দোকানে এক সঙ্গে অনেক জনের উপস্থিতি যথেষ্ট চিন্তার কারণ বলেই অনেকে মনে করছেন।
সোনামুখী পুরসভার চেয়ারম্যান সুরজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম আমরা। তিনি বলেন, লক্ ডাউনের আওতার বাইরে ওষুধ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলি রয়েছে। রোজই খোলা থাকবে। আতঙ্কিত মানুষ ওই সব জায়গায় অনেকে হাজির হচ্ছেন। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তরফে যাতে আর ওই ভিড় না হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে বলে তিনি জানান।
বার্তাবাজার/কে.জে.পি