বিদেশ থেকে ফিরলেন ৩ হাজার প্রবাসী, কোয়ারেন্টাইন সম্পন্ন করলেন ৬০০

দিনাজপুর জেলায় গত তিন মাসে করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিজ বাড়িতে ফিরেছেন ৩ হাজার ২২ জন। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন ৬০৫ জন। বর্তমানে দিনাজপুরে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৯৭ জন প্রবাসী।

গত ৭ মার্চের পর থেকে বর্তমান সময় পর্যন্ত ২৫৯ জন প্রবাসী দিনাজপুরে ফিরেছেন বলে পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়। বাকি ২ হাজার ২২০ জন ব্যক্তিকে খুঁজছে দিনাজপুরের প্রশাসন।
এদিকে দিনাজপুর সিভিল সার্জন মো. আব্দুল কুদ্দুস জানান, ‘করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে দিনাজপুরে ৮ বছরের একটি শিশুকে আইসোলেশনে পাঠানো হয়েছে। দিনাজপুরে এই প্রথম কোন রোগীকে করোনা ভাইরাস সন্দেহে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। শিশুটির নমুনা আইইডিসিআরে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, চলতি মাসের শুরুর দিকে চীন ফেরত এক শিক্ষার্থী ও তার বাবার নমুন সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিলো। সেই রিপোর্টে তাদের আশঙ্কামুক্তের কথা জানানো হয়।

দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, ‘জেলায় ইতোমধ্যে প্রবাসী ফেরত আছেন ৩ হাজার ২২জন। তারমধ্যে হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন ৬০৫জন। যদিও জেলা সিভিল সার্জনের অফিসের দেয়া তথ্যমতে, জেলায় মঙ্গলবার দুপুর পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১৯৭জন। এর মধ্যে সদর উপজেলায় ২৯জন, বিরলে ১, বোচাগঞ্জে ১৬, কাহারোলে ১৪, বীরগঞ্জে ২০, খানসামায় ৬, চিরিরবন্দরে ৬, পার্বতীপুরে ২৫, ফুলবাড়িতে ২৪, বিরামপুরে ১৭, নবাবগঞ্জে ১০, হাকিমপুরে ৬ এবং ঘোড়াঘাট উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২০জন।’

বিদেশ ফেরতদের বিষয়ে দিনাজপুর পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের কাছে ইতোমধ্যে ৩ হাজার ২২ জন বিদেশ ফেরতদের তালিকা আসছে। এর মধ্যে যারা হোম কোয়ারেন্টাইন মানছেন না তাদেরকে আমরা খুঁজছি। আমাদের পুলিশ ফোর্স তালিকা অনুযায়ী এসব বাড়িতে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরণের সচেতনতামূলক লিফলেট বিতরণ করার মাধ্যমে সবাইকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর