অবশেষে ঢাকার সাভারের আশুলিয়ায় স্বামীহারা এক অসহায় নারীর জমি জোরপূর্বক দখল ও মারধরের ঘটনায় অভিযুক্ত একাধিক নাশকতা মামলার আসামি সেই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে আশুলিয়ার কুরগাঁও সোসাইটি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান হাবিব (৫৫) আশুলিয়ার কুরগাঁও সোসাইটি এলাকার করিম মৃধার ছেলে।
এর আগে সোমবার (২৩ মার্চ) আশুলিয়ার কুরগাঁও এলাকার শিরিন বেগম বাদী হয়ে ওই জামায়াত নেতার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালে কুরগাঁও এলাকার শিরিন বেগমের স্বামী আবুল বাশারের মৃত্যুর পর থেকে হাবিব তাদের ক্রয়কৃত ১৩ শতাংশ জমি জোর পূর্বক দখলের পায়তারা শুরু করেন। এরপর বিভিন্ন সময় তাদের ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন হাবিব ও তার লোকজন। সবশেষ গত ৩০ জানুয়ারি হাবিব ও তার লোকজন উক্ত জমি ভরাট করে ঘর নির্মাণের চেষ্টা চালায়। এসময় বাঁধা দিতে গেলে শিরিন বেগমকে এলোপাথারি মারধর করে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন হাবিব। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, জামায়াত নেতা ও ভূমি দস্যু হাবিবের অত্যাচারে অতিষ্ট তাদের এলাকার লোকজন। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন সময়েও সে এলাকার সাধারণ মানুষদের নানা ভাবে হয়রানি ও অত্যাচার করতো।
এব্যাপারে, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, জমি দখল চেষ্টা ও মারধরের অভিযোগে হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী।
গ্রেপ্তার হাবিব নামের ওই ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক নাশকতা মামলা রয়েছে বলেও জানান তিনি।
বার্তা বাজার / ডাব্লিও.এস