কক্সবাজারে করোনা আক্রান্ত নারী শনাক্ত

কক্সবাজারে প্রথম এক নারী করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তিনি জেলার খুটাখালী এলাকার সৌদি ফেরত ষাটোর্ধ্ব মহিলা বলে জানাগেছে।

কক্সবাজার সদর হাসপাতাল তত্বাবধায়ক ডা. মহিউদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ঠান্ডাজনিত অসুস্থতা নিয়ে ২১ মার্চ ৫০১ নম্বর রুমে ভর্তি হয় ওই নারী। হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্টরা স্বাভাবিক রোগীর মতোই তাকে চিকিৎসাসেবা দেয়।

পরে তার মধ্যে করোনার লক্ষণ দেখা দেওয়ায় ২২মার্চ পরীক্ষার জন্য ঢাকা রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পাঠানো হলে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে করোনা পজিটিভ রিপোর্ট আসে।

রিপোর্ট পাওয়ার পর থেকে রোগীকে আলাদা করে রাখা হয়েছে। নমুনায় পজিটিভ আসায় এখন ওই হাসপাতালের চিকিৎসক-সেবিকারাও আতংকিত হয়ে পড়েন। এমনকি পজিটিভ রিপোর্ট আসার সাথে সাথে অনেক চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে চলে গেছেন।

এদিকে ১৫ মার্চ ওমরা পালন শেষে দেশে ফেরার পর থেকে ওই রোগীর সঙ্গে যোগাযোগকারী আত্মীয়স্বজনদের তালিকা তৈরি করছে পুলিশ।

অপরদিকে হাসপাতালের কয়েকটি দায়িত্বশীল সূত্রের দাবী, আক্রান্ত ওই নারীর মাধ্যমে অনেকের মাঝে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। তাকে চিকিৎসা দেওয়া চিকিৎসকরা আবার হাসপাতালের অন্য রোগীদের চিকিৎসা দিয়েছেন, তাদের পরিবারের সাথে মিশেছেন। সেই রোগীর স্বজনরা আবার অনেকের সাথে মিশেছেন। এভাবে হয়ত এটা সবার অজান্তে অনেকের মাঝে ছড়িয়ে পড়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর