করোনাভাইরাস বর্তমান সময়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরী করেছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও করোনাভাইরাস পরিস্থিতির কথা বিবেচনা করে ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।আজ মঙ্গলবার (২৪ মার্চ) এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্তাদের বৈঠকের কথা রয়েছে।
এ বৈঠকেই ছুটি আরও বাড়ানোর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। জানা যায়, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে। তাই আজ ছুটি বাড়ানোর বিষয়ে দুই মন্ত্রণালয় বৈঠকের আয়োজন করেছে। এই বৈঠক শেষে সম্মিলিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত আসবে।
শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুসারে রমজান, ঈদুল ফিতরসহ বেশ কিছু ছুটি মিলিয়ে ২৫ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত ছুটি রয়েছে। এছাড়া এপ্রিল মাসে শবেবরাত, স্টার সানডে ও পহেলা বৈশাখের ছুটি রয়েছে। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি বাদে ৪ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত মাত্র ১৪ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। তাই করোনাভাইরাস রোধে এই ১৪ দিনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে চায় উভয় মন্ত্রণালয়। করোনাভাইরাস পরিস্থিতির উন্নয়ন হলেও শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ঈদুল ফিতরের আগে আর খুলছে না।
বার্তা বাজার / এম এস