মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টার পর সিরাজগঞ্জের ঢাকা-ঈশ্বরদী রেলপথে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
জানা গেছে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ইকোপার্ক সংলগ্ন স্থানে যশোর থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন সান্টিং করার সময় ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়। বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেল বিভাগ পাকশীর বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আসাদুল হক বলেন , লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে পাকশী থেকে একটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে আসছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন , সকাল সাড়ে ৮টার দিকে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কমপক্ষে ২ থেকে ৩ ঘণ্টা লাগবে বলে রেল কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন।
এদিকে, মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় বঙ্গবন্ধু সেতুর উভয় দিকে কমপক্ষে ৮টি ট্রেন আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিপুলসংখ্যক মানুষ।
বার্তা বাজার / এম এস