এবার ব্রিটেন লকডাউন, মৃতের সংখ্যা বেড়ে ৩৩৫

তিন সপ্তাহের জন্য ব্রিটেনকে পুরোপুরি লকডাউন ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে এমন সিদ্ধান্ত নেন। আক্রান্তের সংখ্যা কমাতে ও স্বাস্থ্যসেবা পদ্ধতিকে স্বাভাবিক রাখতে দেশবাসীকে ঘরে থাকারও অনুরোধ জানান। এদিকে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩৫ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছে সাড়ে ছয় হাজারের বেশি।

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অবশেষে ব্রিটেনও তিন সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করলো। সোমবার জাতির উদ্দেশ্য দেয়া এক ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, প্রত্যেককেই বাসায় থাকতে হবে অন্যথায় জেলসহ আর্থিক জরিমানার মুখোমুখি হতে হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, লকডাউনের মতো সিদ্ধান্ত কোনো প্রধানমন্ত্রীই নিতে চান না। তিন সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নয়ন হলে এটা শিথিল করা হবে।

লকডাউনের সময় যুক্তরাজ্যে প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট ছাড়া সব কিছুই বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে মানুষ ঘরের বাইরে বেরোতে পারবেন। এ অবস্থায় ব্রিটেনজুড়ে নেমে এসেছে স্থবিরতা।

এক প্রবাসী বাংলাদেশি বলেন, এখন স্রষ্টার ওপর ভরসা করা ছাড়া কোনো উপায় নেই।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ব্রিটেনে প্রাণ হারিয়েছেন ১৮ বছর বয়সী এক তরুণ। এটি এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়ে সব থেকে কম বয়সে মারা যাওয়ার ঘটনা। এরমধ্যেই বিদেশে থাকা ব্রিটিশ নাগরিকদের দ্রুত দেশে ফেরার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর