নিজেদের প্রতিষ্ঠানে বেসরকারিভাবে করোনা ভাইরাস পরীক্ষার কিট আবিষ্কার করার পরেও সরকারের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়নি বলে দাবী করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানী ড. বিজন কুমার শীলের নেতৃত্বে একদল বিজ্ঞানী করোনা ভাইরাস পরীক্ষার কিট উদ্ভাবন করেছেন। কিট উৎপাদনের কাঁচামাল ব্রিটেন থেকে আনার ব্যবস্থাও করা হচ্ছে। কিট উৎপাদনের সর্বশেষ প্রস্তুতি বিষয়ে সোমবার (২৩ মার্চ) দেশের একটি নামকরা গনমাধ্যমের সাথে দেয়া একান্ত সাক্ষাতকারে তিনি এই তথ্য জানান।
জাফরুল্লাহ জানান, আগামী বুধবার বৃটেন থেকে কিট তৈরীর কাঁচামাল আমাদের দেশে এসে পৌছবে। যদিও সরকারের নীতিমত এই পণ্যগুলো আমরা শুল্কমুক্তভাবে আনতে পারবো। তবে আমাদের হাতে এখনও সেই কাগজ এসে পৌছায়নি। কাঁচামাল আসলে আমরা ১ সপ্তাহের মাঝে ১০ হাজার কিট বানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় জমা দেব। তারা পরিক্ষা করে দেখবে কতটুকু কার্যকর এটা।
তিনি আরও বলেন, সম্প্রতি স্বাস্থ্য অপধিদপ্তরের পরিচালক আমাদের তৈরী কিটকে বলেছেন এইসব কার্যকর না। আমি উনার উদ্দেশ্যে বলতে চাই, গবেষণা করে আবিষ্কার করা জিনিসকে আপনি পরীক্ষা না করেই অকার্যকর বলতে পারেন না।
সরকারের সহায়তার ব্যাপারে জাফরুল্লাহ জানান, আমাদের সাথে সরকারের কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেননি। তবে ইউএসএআইডি থেকে সহযোগিতা পেতে পারি।
বার্তাবাজার/এসজে