করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে আগামীকাল ২৪ তারিখ থেকে সমগ্র দেশে সামাজিক দূরত্ব এবং করোনা ভাইরাস প্রেক্ষাপটে জারীকৃত সব আদেশ মনিটরিং এ নামছে সেনাবাহিনী। এছাড়া ২৬ শে মার্চ হতে ৪ঠা এপ্রিল সব সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সীমিত গণপরিবহন চলবে এবং খাদ্যদ্রব্য, ফার্মেসি, হাসপাতাল ইত্যাদি জরুরী কাজে শুধু মানুষ বের হতে পারবে। দরিদ্র দিনমজুরকে আবেদন সাপেক্ষে কিছু সাহায্য দেয়া হতে পারে প্রশাসনের পক্ষ হতে।
এরকম পরিস্থিতিতে ঢাকার সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এই অঞ্চলের স্বাস্থ্য সুরক্ষা তথা করোনা ভাইরাসকে মোকাবিলায় নেয়া হয়েছে নানান পদক্ষেপ। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাভার ও আশুলিয়ায় সকল বিনোদন কেন্দ্রসহ অন্যান্য কেন্দ্র বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
পাশাপাশি, সাভার উপজেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারীগনের নিজেদের নিরাপত্তার জন্য PPE (Personal Protection Equipment) ক্রয় বাবদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
এদিকে, উপজেলার বিভিন্ন এলাকায় প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন যথাযথভাবে নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান এর নেতৃত্বে আমিনবাজার রাজস্ব সার্কেল, সাভার উপজেলা রাজস্ব সার্কেল এবং আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিরলস কাজ করে চলেছেন।

সম্প্রতি, সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের নিরিবিলি হাউজিং এলাকার ইতালি ফেরত প্রবাসি মোঃ আলী নেওয়াজকে হোম কোয়ারেন্টাইন যথাযথ ভাবে পালন না করায় ৪০০০/- টাকা পরিমানা করেছেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান।
একই কারণে, আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় হোম কোয়ারেন্টাইন না মেনে যত্রতত্র ঘুরাফেরা করায় আরেক প্রবাসীর বাড়ীতে অভিযান চালিয়ে এবং অর্থদন্ড প্রদান করে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন তিনি।
অন্যদিকে, সাভার উপজেলার বিরুলিয়া এলাকায় হোম কোয়ারেন্টাইন মনিটরিং করেছেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হ্যাপী দাস। এসময় হোম কোয়ারেন্টাইন যথাযথভাবে মেনে চলার ব্যাপারে তিনি প্রবাসীদের সচেতন করেন।
তবে, মহাসড়ক, বাজার ও আঞ্চলিক সড়কে নিয়ম না মেনে এখনো অনেক দোকান পাট খোলা আছে। যা করোনা ভাইরাসের সংক্রমণের জন্য খুবই ঝুঁকি পূর্ণ। সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকায় চায়ের দোকান খোলা দেখতে পাওয়া গেছে যেখানে অনেকগুলিতে টেলিভিশন চলতেও দেখা গেছে। যদিও টেলিভিশন না চালানোর ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।

এদিকে, করোনা আতঙ্কে সাভারে দুইটি কারখানা বন্ধ ঘোষনা করা হয়েছে। সাভারের হেমায়েতপুর এলাকায় দীপ্ত এ্যাপারেলস ও ডার্ড গার্মেন্টস লিমিটেড নামে দুটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে কর্তৃপক্ষ। একই গ্রুপের কারখানা দু’টিতে প্রায় ৮ হাজার পোশাক শ্রমিক কাজ করেন বলে জানা যায়।
গতকাল রবিবার (২২ মার্চ) সকালে হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় দীপ্ত এ্যাপারেলস লিমিটেড ও ভাড়ারিয়া এলাকার ডার্ড গার্মেন্টস লিমিটেড নামে পোশাক কারখানায় অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ টানিয়ে দেয় বলে নিশ্চিত করেন শিল্প পুলিশ।
নোটিশে বলা হয়, দেশে করোনাভাইরাস (কেভিড-১৯) এর প্রকোপের কারণে কারখানায় কর্মরত শ্রমিক/কর্মচারীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে সোমবার (২৩ মার্চ) থেকে পরর্বর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। উক্ত বন্ধের সময় সকলকে প্রয়োজনীয় সুরক্ষা বিধি মেনে চলার বলা হয়েছে। পরবর্তীতে করোনাভাইরাসের উন্নতি হলে কারখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সকলকে জানানো হবে।
তবে শ্রমিকদের পাওনাদি পরিশোধের ব্যাপারে পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মালিকপক্ষ। এছাড়া বন্ধকালীন সময়ে সকল শ্রমিককে চলতি মাসের বেতন পরিশোধ করা হবে বলেও জানান কর্তৃপক্ষ।
এদিকে, করোনা ভাইরাসকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়ানোর বিষয়কে সামনে রেখে বাজার মনিটরিং করছেন উপজেলা প্রশাসন। ইতোমধ্যে, পন্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য বাজার মনিটরিং এর অংশ হিসাবে সাভার উপজেলার আমিনবাজার, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়েছেন যথাক্রমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হ্যাপী দাস, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

তারানিজ নিজ রাজস্ব সার্কেলের আওতাধীন ব্যবসা প্রতিষ্ঠান মূল্য তালিকা না থাকায় এবং অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করেন। এছাড়া সকল বাজার ব্যবসায়ীকে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য নির্দেশনা প্রদান সহ সকলকে করোনা ভাইরাস নিয়ে কোন প্রকার গুজবে কান না দেয়ার জন্য সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন।

কেএ/বার্তাবাজার