করোনা: দোকান ভাড়া মওকুফের ঘোষণা হাজী মীর হোসেনের

প্রায় ৫০টি দোকানের ভাড়া নেবেন না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি হাজী মীর হোসেন মীরু। সদ্যসমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে ৫৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি।

রোববার (২২ মার্চ) রাতে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্টে এ ঘোষণা দেন মীর হোসেন মীরু।

তাতে তিনি লিখেছেন, পূর্ব জুরাইন এলাকায় আমার নিজস্ব জায়গার ওপর অবস্থিত এলাকার ছোট-মাঝারি ব্যবসায়ীদের জন্য আমার নামে প্রতিষ্ঠিত ‘হাজী মীর হোসেন মীরু’ কাঁচাবাজারের প্রায় ৫০টির মতো দোকানের ভাড়া আগামী এক মাসের জন্য মওকুফ করা হয়েছে তাদের পরিবার-পরিজনের কথা চিন্তা করে এবং তারা যাতে এলাকাবাসীর নিকট ন্যায্যমূল্যে মালামাল বিক্রি করে।

তিনি লিখেছেন, আমি আজ থেকে আরও ১০ দিন আগে ব্যবসায়ীদের জানিয়ে দিয়েছিলাম আমার এই সিদ্ধান্তের কথা। আমি এই ব্যাপারটি প্রচার করতে চাইনি। মূলত আমাদের পূর্ব জুরাইন এলাকার দোকান মালিক এবং বাড়ির মালিকরা যাতে উৎসাহিত হন এবং তাদের ভাড়াটিয়াদের প্রতি সদয় হন তার জন্য এটি প্রচার করেছি।

মীরু আরও লিখেছেন, করোনা মোকাবিলায় আমাদের প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। এই দুঃসময়ে আমরা একে অপরের পাশে দাঁড়াব এবং আমাদের পাশের অন্য মানুষটিকে এই মহামারি সম্পর্কে সচেতন করে তুলব।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর