ফরিদপুরে জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিকে স্বাগত জানিয়ে দোকানপাট বন্ধ

দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফরিদপুরে শপিং মল, রেষ্টুরেন্ট, বাণিজ্য কেন্দ্র, ভ্রাম্যমান ফাষ্টফুডের দোকান, আবাসিক হোটেল, পশুর হাট, বিনোদন কেন্দ্র, পার্ক, মেলা, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ ও রাস্তার পাশের খাবার ও চা দোকানের আড্ডা বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য সামগ্রী, ঔষধ, মাছ-মাংসের দোকানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সকল দোকানপাট, কাঁচা বাজার, সাধারণ খাবারের হোটেল, চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।

তবে এসবস্থানে কেনাকাটার সময় কমপক্ষে ১ মিটার নিরাপদ দুরত্ব বজায় রাখতে হবে।খাদ্যদ্রব্যের পাইকারী বাজার বেলা ১২ টা হতে সন্ধা ৬টা পর্যন্ত অনুমতি সাপেক্ষে খোলা থাকবে।

ছবি: বার্তাবাজার

এদিকে জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ঘোষনার পর থেকেই ফরিদপুর জেলায় রাস্তা-ঘাট অনেকটা ফাঁকা হয়ে আসে। একই সাথে সমগ্র জেলার অধিকাংশ দোকান-পাট বন্ধ হয়ে যায়। তবে খাদ্য সামগ্রী, ঔষধ, মাছ-মাংসের দোকানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সকল দোকানপাট, কাঁচা বাজার, সাধারণ খাবারের হোটেল, চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা রয়েছে।

সরেজমিনে জেলার আলফাডাঙ্গা উপজেলায় গিয়ে দেখা যায়, নিত্য প্রয়োজনীয় দোকানগুলো ব্যতীত সকল দোকানপাট বন্ধ রয়েছে। সদর বাজারের প্রতিটি সড়কে ছিলো লোকশূণ্য। মানুষ অতি প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হচ্ছে না।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান বার্তা বাজারকে জানান, ‘জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে উপজেলার প্রতিটি স্থানে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের নিকট বিজ্ঞপ্তিটির বিষয়ে অবগত করা হয়েছে।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর