জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল কোয়ারেন্টাইনে

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের ব্যক্তিগত চিকিৎসক করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। ব্যক্তিগত চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় মেরকেলকেও কোয়ারেন্টাইনে থাকতে হবে। রোববার (২২ মার্চ) স্থানীয় সময় বিকালে এক সংবাদ সম্মেলন থেকে ফিরে এই সংবাদ শোনার পর কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন তিনি।

করোনাভাইরাসের বিস্তার ঠেকানো এবং জনসমাগম নিয়ন্ত্রণে এবার কঠোর পদক্ষেপ নিচ্ছে ভাইরাসটির নতুন প্রাদুর্ভাবস্থল ইউরোপের দেশ জার্মানি। আগামীকাল থেকে দুই জনের বেশি মানুষ একত্রিত হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার সরকারি ঘোষণায় এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত জার্মানিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭১৪ জন। আক্রান্তদের মধ্যে ৯২ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্তের সংখ্যার দিক থেকে চীন, ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রের পরই জার্মানির অবস্থান।

গতকাল শনিবার থেকে দেশটির ১৬টির মধ্যে বায়ার্ন মিউনিখ এবং সারল্যান্ড প্রদেশকে লকডাউন ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া এই দুই প্রদেশের কেউ বাইরে বের হলে দুই বছরের জেল বা পঁচিশ হাজার ইউরো (২৫ লাখ টাকার বেশি) জরিমানার বিধান করা হয়েছে।

সরকারি এই নিষেধাজ্ঞার কারণে কেউ বাইরে বের হলে পুলিশ অথবা দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট যথাযথ কারণ সাপেক্ষে প্রমাণ পেশ করতে হচ্ছে। তা না করলে সঙ্গে সঙ্গে জরিমানা করা হচ্ছে আইন অমান্যকারীদের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর