গণজমায়েত বন্ধে মুন্সীগঞ্জে ইউএনওর অভিযান
মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: ফারুক আহাম্মদের নেতৃত্বে মুন্সীগঞ্জ শহর জুড়ে গণজমায়েত বন্ধে অভিযান পরিচালিত হয়েছে। আজ রবিবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন খাবার হোটেল, রেস্তোরা, চায়ের দোকানসহ জনগমাগম পূর্ন এলাকাগুলোতে চলে গণসচেতনতামূলক অভিযান।
অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলকে গনসমাবেশ এড়িয়ে চলা এবং প্রয়োজন ব্যতীত শহরে ঘুরে না বেড়ানোর জন্য সাধারন মানুষকে শতর্ক করেন। এ সময় তিনি বলেন, সারা পৃথিবী এখন করোনা ভাইরাস নিয়ে আতংকিত।
কেবলমাত্র সচেতনতাই পারে সকলকে এই রোগের হাত থেকে বাঁচাতে। অযথা চায়ের দোকানসহ লোকসমাগম এলাকায় আড্ডা না দেয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। সাধারন মানুষকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, কেউ আতংকিত হবেন না।
আপনাদের এলাকায় কোন প্রবাসী এসে হোম কোয়ারেন্টাইন মেনে চলছে কিনা খবর রাখবেন। কোন প্রবাসী হোম কোয়ারেন্টাই না মেনে পালিয়ে থাকলে প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করেন।
পরে তিনি শহরের বিভিন্ন ওয়ার্ডে সদ্য প্রবাস থেকে ছুটিতে আসা লোকদের ঠিকানা নিয়ে তাদের খোঁজে বের হন। অভিযানকালে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান ও ওসি তদন্ত গাজী সালাউদ্দিন আহাম্মেদ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: ফারুক আহাম্মেদ বলেন, করোনা মোকাবেলায় গণসচেতনতাইকেই বেশী গুরুত্ব দেয়া হচ্ছে। শহরজুড়ে সাধারন মানুষ যেন গণজমায়েতে সামিল না হয় সেজন্য শতর্ক করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীরা নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টাইন মেনে চলছে কিনা সেটাও মনিটরিং করা হচ্ছে।
কেএ/বার্তাবাজার