ফরিদপুরের আলফাডাঙ্গায় আগুনে পুড়ে তিনটি পরিবারের বসতঘরসহ সর্বস্ব পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে শহীদুল শেখ (৩৬) নামে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পানাইল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ১২ লাখ টাকার ক্ষতি সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার শহীদুল শেখ, জাফর শেখ ও এনামুল শেখ। এলাকাসূত্রে জানা যায়, ওই এলাকার শহীদুল শেখের বসতঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে কোনো কিছু বুঝে ওঠার আগেই এ আগুন বাড়ীর জাফর শেখ ও এনামুল শেখের বসতঘরে ছড়িয়ে পড়ে।
পরে বাড়ীর লোকজনের আর্তচিৎকারে গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আগুনের লেলিহান শিখায় উল্লেখিত তিনটি পরিবারের বাড়ি-ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়, তৈজসপত্র, নগদ টাকাসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
ভয়াবহ আগুনের কবল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া কোনো কিছুই রক্ষা পায়নি। আগুনের সঠিক কোন কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হয়েছে।
অগ্নিকাণ্ডের সময় শহীদুল শেখ তার বসতঘর থেকে মোটরসাইকেল বের করতে চেষ্টা করার সময় আগুনে আহত হয় সে। পরবর্তীতে উপস্থিত সকলে শহীদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
এ দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান। অপরদিকে আহত শহীদুলের খোঁজখবর নিতে হাসপাতালে যান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
কেএ/বার্তাবাজার