সরিষাবাড়ীতে হোম কোয়ারেন্টাইনে ৬৩ জন

জামালপুরের সরিষাবাড়ীতে করোনাভাইরাস আতঙ্কের মধ্যে সম্প্রতি বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদের মধ্যে উপজেলা প্রশাসন ৬৩ জনকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পেরেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তালিকা এসেছে ২৭০ জনের।

কিন্তু ২৭০ জনের মধ্যে অনেকেই আবার ১ থেকে ২ মাস আগে এসেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র জানায়, সরিষাবাড়ীর বাসিন্দা ২৭০ জন প্রবাসী ঢাকা বিমানবন্দর পার হয়ে এ উপজেলায় এসেছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক পত্রে জানানো হয়েছে। তবে রবিবার পর্যন্ত উপজেলা প্রশাসনের হাতে ৬৩ জন প্রবাসীর পরিচয় পাওয়া গেছে। যাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এরা ইতালি, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, কাতার, মালয়েশিয়া, দুবাই, ও সৌদি আবর থেকে সম্প্রতি সরিষাবাড়ীতে ফিরেছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ বলেন, ‘বিভিন্ন দেশ থেকে ফেরা ২৭০ জন প্রবাসীর তালিকা অনুসন্ধান করা হচ্ছে। ইতোমধ্যেই যাদের পরিচয় নিশ্চিত করা গেছে, তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’ তিনি আরো জানান, প্রবাসীদের খোঁজখবর নিতে পৌরসভাসহ ৮টি ইউনিয়নে ১৮ জন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। পৌর মেয়র-কাউন্সিলর, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান-মেম্বার, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও গ্রাম পুলিশসহ সবাইকে ট্যাগ অফিসারদের সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর