করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সভা সেমিনার, বিভিন্ন ধরণের অনুষ্ঠান বন্ধ ঘোষণাসহ ঘর থেকে মানুষকে বের না হবার যখন নির্দেশনা দিচ্ছেন ঠিক এমন সময় দিনাজপুরে একটি মাদরাসার চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষার আয়োজন করেছে জেলা শিক্ষা অধিদপ্তর। দেশের এই ক্রান্তিকালে মাদরাসার এই নিয়োগ পরীক্ষার বিষয়টি জেলা প্রশাসকের নজরে গেলে তাৎক্ষণিক নিয়োগ পরীক্ষা স্থগিত করে দেয়া হয়।
দিনাজপুরের বিরল উপজেলার আগ্রা বালিয়াদিঘী গাফুরিয়া দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসার সুপার ও সম্পাদক মো. মোক্তার আলীর প্রেরিত “পরিচ্ছন্নতা কর্মী”র শূন্যপদে আবেদনকারীদের প্রবেশপত্রের মাধ্যমে জানানো হয়, আগামী ২২ মার্চ (রবিবার) সকাল ১০টায় পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের জন্য প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নিয়োগ পরীক্ষার নথি ঘেটে জানা যায়, আগ্রা বালিয়াদিঘী গাফুরিয়া দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসায় পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের জন্য মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একজন প্রতিনিধি চেয়ে আবেদন করেন মাদরাসা কর্তৃপক্ষ। মাদরাসা অফিদপ্তরের মহাপরিচালক সেই চিঠির প্রেক্ষিতে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে প্রতিনিধিত্ব করে একটি নির্দেশনা দেন।
রবিবার (২২ মার্চ) সকাল ১০টায় আগ্রা ওই মাদরাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের পরীক্ষা জেলা শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন খবর স্থানীয়রা দিনাজপুর জেলা প্রশাসককে জানান। জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই সহকারি কমিশনার নাসিব কায়ছারকে পাঠান। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌস ঘটনাস্থলে যায়। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন নিয়োগ পরীক্ষার সব ধরণের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেন তিনি।
এর আগে গত শনিবার দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি দেয়া হয়। সেখানে চলা-ফেরা, ভ্রমণ, সভা-সমাবেশ, সেমিনার, গণজমায়েত, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সকল কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানানো হয়।
এই সংকটময় মূহুর্তে দিনাজপুর জেলা শিক্ষা অধিদপ্তরে কিভাবে নিয়োগ পরীক্ষা আহবান করা হয় তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেক সচেতন মানুষ। অনেকেই মনে করছেন, মোটা অংকের টাকা নিয়ে কাউকে নিয়োগ দেওয়ার জন্যই এমন পরিস্থিতিতে জেলা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে আগ্রা বালিয়াদিঘী গাফুরিয়া দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসার সুপার ও সম্পাদক মো. মোক্তার আলী বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু অফিসিয়াল কার্যক্রম চলছে। আমরা ভেবেছিলাম অল্প প্রার্থী এবং নিয়োগের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে
সেটা অতিক্রম হয়ে যাচ্ছে এজন্য জেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টা জানালে তিনি আজকের দিনে (২২ মার্চ) পরীক্ষা নিতে বলেন। পরে তো পরীক্ষার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।’
দেশের এরকম সংকটময় মুহূর্তে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত করার বিষয়ে জানতে চাইলে দিনাজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘আজকে (রবিবার) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল কিন্তু তা স্থগিত করা হয়েছে। আর বেশি কিছু বলতে পারব না। বেশি কিছু জানতে হলে আপনি অফিসে আসেন বলে ফোন কেটে দেন।’
এ বিষয়ে দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সানিউল ফেরদৌস বলেন, ‘নিয়োগ পরীক্ষার সাথে একজন জেলা শিক্ষা কর্মকর্তা ও একজন মাদরাসা সুপার যুক্ত আছেন। তারা দুজনেরই উচ্চ শিক্ষত এবং সমাজের সচেতন মানুষ। দেশের এই দুর্যোগকালীন সময়ে এমন কর্মকান্ডে আমরাও লজ্জিত! নিয়মানুযায়ী অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’
জানতে চাইলে জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, ‘দেশের এরকম দুর্যোগময় সময়ে আমরা জনসমাগন এড়িয়ে যেতে গণ বিজ্ঞপ্তি দিয়েছি। তারমধ্যে একটি মাদরাসার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিতের খবর পাওয়া মাত্রই আমরা সেই পরীক্ষা বন্ধ করে দিয়েছি। বিষয়টি নিয়ে আইন অনুযায়ী যেটা করা দরকার আমরা সেটাই করব।’
বার্তা বাজার / ডাব্লিও.এস