লোহাগাড়ায় ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ১৪, আহত ৭

লোহাগাড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে গাড়ীর চালক-হেলপার ও ১২ যাত্রীসহ ১৪ জন নিহত এবং ১৩ বছরের এক শিশুসহ ৭ জন আহত হয়েছে। ২১ মার্চ রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া ফরেষ্ট অফিস সংলগ্ন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটেছে।

এতে নিহতরা হলেন পশ্চিম চুনতির মো: সিরাজ (৫৫),উত্তর হারবাং কাট্টলীর রশিদ আহমদ প্রকাশ রইস্যা,আজিজনগর হিমছড়ির মো: এনাম (৩৬), উত্তর হারবাং রোডপাড়ার আব্বাস উদ্দিনের পুত্র জসিম উদ্দিন ও তাঁর ছোটভাই বেলাল উদ্দিন তওরাত, কক্সবাজারের ঈদগার বাসিন্দা কৃষিব্যাংক আজিজনগর শাখার কর্মকর্তা কালামিয়ার পুত্র বাদশা (৪৫),আজিজনগর ভিলেইজার পাড়ার লালু ফকির,আজিজনগর ইসলাম ট্রেডিং এলাকার মোস্তাফিজ খলিফার পুত্র জসিম উদ্দিন, লেদু ফকির, আনোয়ার হোসেন ও জহির উদ্দিন। অপর নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ১৩ বছরের এক শিশুসহ আহত কারো নাম ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,চট্টগ্রাম অভিমূখি একটি মালবাহী ট্রাক ( ঢাকা মেট্টো-ট–২২-৩৯৪৮) এর সাথে আমিরাবাদ স্টেশন থেকে ছেড়ে যাওয়া চকরিয়া অভিমূখী একটি পিক-আপ (ম্যাজিক) গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়। পরে পদুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরো ২ জন নিহত হয়। এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াসিন আরাফাত জানান,মালবাহী ট্রাকের সাথে পিকআপ গাড়ীর মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার ও ১২ যাত্রীসহ ১৪ জন নিহত হয়েছে।

নিহতদের লাশ থানা হেফাজতে রাখা হয়েছে এবং দূর্ঘটনাকবলিত ট্রাক জব্দ করা হয়েছে। খবর পেয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং খুব দ্রুত যানচলাচল স্বাভাবিক করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর