করোনা: ইমাম ও শিক্ষকসহ পাঁচ জনকে জেল-জরিমানা
মানিকগঞ্জের সিংগাইরে করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারের জারি করা বিধিনিষেধ লঙ্ঘন করে কোচিং করানোই এক শিক্ষক ও মসজিদে মক্তব চালু রাখার অভিযোগে একজন ইমাম এবং একজন মুয়াজ্জিনকে সাত দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালাত। সেই সাথে সন্তানদের কোচিং সেন্টারে পড়তে পাঠানোর অপরাধে দুই অভিভাবকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনা লায়লা এই আদেশ দেন।
কারাদন্ড প্রাপ্তরা হলেন- কোচিং সেন্টারের শিক্ষক আলমগীর হোসেন, ইমাম আশেকে এলাহী ও মুয়াজ্জিন মোখলেছুর রহমান। তাদের সবার বাড়ি উপজেলার জামির্ত্তা ইউনিয়নের মধুরচর গ্রামে। আর জরিমনাকৃত দুই অভিভাবক হলো-একই ইউনিয়নের রামকান্তপুর গ্রামের নান্নু মিয়া ও তোতা মিয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা জানা গেছে, করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার সকালে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের মধুরচর গ্রামে অবস্থিত একটি কোচিং সেন্টার ও মসজিদের মক্তবে শিশু শিক্ষার্থীদের পাঠদান করছিলেন স্থানীয় স্কুল শিক্ষক আলমগীর হোসেন, ইমাম আশেকে এলাহী ও মুয়াজ্জিন মোখলেছুর রহমান।
ভোরে এমন খবর পেয়ে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেন উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা। সেই সাথে সন্তানদের কোচিং সেন্টারে পাঠানোর অভিযোগে আটক করা হয় একই ইউনিয়নের রামকান্তাপুর গ্রামের ওই দুই অভিভাবকে।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে শিক্ষক আলমগীর হোসেন, ইমাম আশেকে এলাহী ও মুয়াজ্জিন মোখলেছুর রহমানকে সাত দিনের কারাদন্ড ও অভিভাবক নান্নু মিয়াকে দশ হাজার ও তোতা মিয়াকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
বার্তাবাজার/এমকে