সাতক্ষীরায় করোনা ভাইরাস নিয়ন্রণে বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধগতি রোধে জেলা প্রশাসন, পুলিশ, র্যাব ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত অভিযান শুরু হয়েছে।
শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত এ লক্ষ্যে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে জেলাব্যাপী ভ্রাম্যমান আদালতের অন্তত ৩৪টি অভিযান পরিচালিত হয়েছে। এছাড়া নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে জেলার বড়বাজার, ঝাউডাঙ্গা বাজার, কদমতলাসহ বিভিন্ন হাট-বাজারে অন্তত ৮০টি অভিযানে ছয় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সকাল থেকে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জেলার প্রত্যকটি উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, সহকারি ভূমি কমিশনার ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালতের সাড়াশি অভিযান শুরু করেন।
তবে ঝাউডাঙ্গা বাজারের ব্যবসায়ি প্রমিতা বাণিজ্যালয়ে শনিবার দুপুর একটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রসুন বেশি দামে বিক্রির জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে পূজা বাণিজ্য ভান্ডারের মালিক রাখাল চন্দ্র মন্ডলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত তালিকা ধরে বাড়ি বাড়ি অভিযান চালানো হয়।
একই সাথে কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধির অভিযোগে সংশিষ্টদের জরিমানা করা হয়। এছাড়াও জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করা হয়।
বার্তাবাজার/এমকে