করোনা ভাইরাসে কাঁপছে সারাবিশ্ব। এ যেন কোনভাবেই থামছে না মৃত্যুর মিছিল। সম্প্রতি নাগরিকদের হোম কোয়ারেন্টিনে থাকার সুবিধার্থে বাড়ির মালিকদের তিন মাসের ভাড়া না নেওয়ার নির্দেশ দিয়েছে উগান্ডা সরকার।
বাংলাদেশে এমন কোনো ঘোষণা না এলেও ব্যক্তি উদ্যোগে সামান্য কিছু মানুষ ঠিকই এগিয়ে এসেছেন। তাদেরই একজন শেখ শিউলী হাবিব। ঢাকা শহরে তার বাড়িতে বসবাসরত ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন তিনি!
ট্রাভেল এজেন্সির মালিক শিউলী হাবিব সংবাদমাধ্যমকে বলেন, ‘করোনা ভাইরাসের কবলে সারা পৃথিবী এখন থমকে গেছে। এটা থামাতে আমাদের নিজ নিজ অবস্থান থেকে যতটা সম্ভব কিছু করা উচিত। আমার ভাড়াটিয়ারা অনেকটা দিনমজুর। দিন আনে দিন খায়। এখন তারা নিজেরা খাবে নাকি আমাকে বাসার ভাড়া দিবে? এসব ভেবেই আমি তাদের জন্য মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিয়েছি।’
তিনি আরো বলেন, ‘আমার বাবা শেখ মোবারক হোসেন একজন মুক্তিযোদ্ধা। তার কাছ থেকেই মানুষের প্রতি দায়িত্ববোধ শিখেছি। গত কয়েকদিন ধরেই ভাবছিলাম, আমি আমার অবস্থান থেকে কী করতে পারি? উচ্চবিত্তদের প্রচুর টাকা আছে, তাদের অভাব হবে না। কিন্তু মধ্যবিত্তের সংকট বেশি। তারপরই আমি এই সিদ্ধান্ত গ্রহণ করি।’
কেএ/বার্তাবাজার