করোনা আতঙ্কে পন্যের দাম বাড়ানোয় ৭ ব্যবসায়ীকে জরিমানা
করোনাভাইরাস আতঙ্কে নিত্য প্রয়োজনীয় পন্যসহ চালের মূল্য বেশি রাখায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদর বাজার ও ময়েনদিয়া বাজারে সাত চাল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২১ মার্চ) উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বোয়ালমারী সদর বাজারে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে চাউলের দাম মূল্য তালিকা থেকে বেশী নেয়ার অভিযোগে চাল ব্যবসায়ী বিকাশ এগ্রোকে ৫ হাজার, রমেশ সাধু এন্ড সন্স ৩ হাজার ও দুই খুচরা ব্যবসায়ীকে ১ হাজার করে ২ হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে একই অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুরের সহকারী পরিচালক সোহেল শেখ একই উপজেলার ময়েনদিয়া বাজারের পোদ্দার ট্রেডার্সকে ৫ হাজার, লক্ষী নারায়ণ বানিজ্য ভান্ডারকে ৩ হাজার ও ত্রিনাথ বানিজ্য ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপজেলা স্যানিটারী পরিদর্শক ফরিদুল ইসলাম, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি মুহাব্বত জান চৌধুরী উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে