প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট দুজনের মৃত্যু হল।
এছাড়াও নতুন করে প্রাণঘাতী এই ভাইরাসে আরও চারজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।
শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাতে আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। সারাদেশে ১৪ হাজার জন আছেন হোম কোয়ারেন্টাইনে। প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৫০ জন।
গত ৮ মার্চ সর্বপ্রথম বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর দিনে দিনে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সবশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ২৪ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন দুজন।
করোনার বিস্তাররোধে এরই মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। এমনকি মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউনও ঘোষণা করা হয়েছে। এছাড়াও কক্সবাজার ও পতেঙ্গা সমুদ্র সৈকতসহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান বন্ধ করে দেয়া হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস