ঢাকা ১০ আসনের উপনির্বাচনে জিগাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির এজেন্ট মো. সেলিম হোসেনকে আটক করে পুলিশ ভ্যানে তোলে ধানমন্ডি থানা পুলিশ। তাকে ছাড়াতে পুলিশ ভ্যানে উঠে যান ইঞ্জিনিয়ার ইশরাক হোসাইন ও এ আসনের উপ নির্বাচনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি।
পুলিশের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, আপনারা নির্বাচন চলাকালীন আমাদের এজেন্টকে অন্যায়ভাবে আটক করতে পারেন না। আমার এজেন্টকে ছেড়ে দেবেন না হয়, আমাকে আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে।
এর আগে সকালে জিগাতলা কুয়িন্স কলেজ কেন্দ্রে ইশরাক হোসেন বিএনপির ১২ জন এজেন্টকে ঢুকান। পরে এটা নিয়ে বাইরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়েন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। সেই শূন্য আসনে নতুন সংসদ সদস্য নির্বাচিত করতে ২১ মার্চ ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেন নির্বাচন কমিশন।
বার্তা বাজার / ডাব্লিও.এস