করোনা : আক্রান্ত বাংলাদেশী এভারেস্ট বিজয়ী ওয়াসিফা

এভারেস্টজয়ী বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোষ্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি।

আজ (শনিবার) সকাল ১০.৩৫ মিনিটে দেয়া ফেসবুকের একটি স্ট্যাটাসে ওয়াসফিয়া লিখেছেন, ‘হ্যাঁ, আমি কোভিড-১৯ এর সঙ্গে লড়াই করছি। তবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি যেটা নিয়ে যুদ্ধ করছি তার কিছুটা ভাগ করে নেওয়ার জন্য বন্ধুর সহায়তায় এ পোস্ট করছি।’

ওয়াসফিয়া আরও লিখেন, ‘কুসংস্কার ভাঙার আশা নিয়ে, ভুল ধারণা এবং ভুল তথ্য যা বিশ্ব সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। আমি আমার মাতৃভূমি বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, দেশের জনগণকে আঘাত করছে এ করোনা। মহামারি রোগটি দীর্ঘ হতে চলেছে এবং আমাদের সচেতনতা ও সর্বোচ্চ প্রস্তুতি দরকার।’

‘প্রথম নিজেকে শান্ত রেখে যা কিছু করার করুন। সব কিছু আমাদের মন থেকে উদ্ভূত হয় এবং আমাদের ব্যক্তিগত এবং সম্মিলিত মন স্থিতিশীল রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আতঙ্কিত সমস্ত ধরনের ভুল এবং উদ্বেগের সংবাদ মনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। দয়া করে ভেরিফাই নিউজগুলো পড়ুন’ যোগ করেন ওয়াসফিয়া।

উল্লেখ্য, এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ বাংলাদেশি এবং দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ২৬ মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় আরোহণ করেন ওয়াসফিয়া নাজরীন। তিনি বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় (সেভেন সামিট) করেছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর