‘করোনায় মৃত্যু’ নিয়ে কেউ কেউ গুজব ছড়াচ্ছে

বর্তমান সময়ে খারাপ অবস্থানের মধ্যে রয়েছে বাংলাদেশ । করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এই পর্যন্ত ২০ জন আক্রান্ত হয়েছে আর তার মধ্যে একজন মারা গেছে আর একজন আইসিইউতে রয়েছে বলে জানা যায় । করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে এ নিয়ে বেশ কিছু অডিও এবং ভিডিওর মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে, যার কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে গুজব সৃষ্টির অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে পাঠানোসহ নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। এরমধ্যে ছড়ানো হচ্ছে নানা গুজবও।

বৃহস্পতিবার, অজ্ঞাত ব্যক্তির অডিও ছড়িয়ে পড়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনেকের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয় অডিওটিতে। অনুসন্ধানে যার কোনো তথ্য প্রমাণ পায়নি জেলার স্বাস্থ্য বিভাগ।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, মানুষের মধ্যে একটা অযথা আতঙ্ক সৃষ্টি করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য একটা বিশেষ মহল এসব অপপ্রচার চালাচ্ছে।

এটাই শুরু বা শেষ গুজব নয়। করোনা ভাইরাস নিয়ে গত এক সপ্তাহ নানা ধরনের গুজব ঘুরে বেড়াচ্ছে। গুজব সৃষ্টির অভিযোগে পটিয়ায় এক প্রকৌশলী এবং নগরীতে আটক করা হয়েছে এক ব্যবসায়ীকে। গুজব সৃষ্টিকারীদের আটকে মাঠে নেমেছে পুলিশের সাইবার ক্রাইম টিম।

৩৫ সেকেন্ডের সেই গুজব সৃষ্টিকারীও নজরদারির মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন সিএমপি কমিশনার মোহাম্মদ মাহবুবর রহমান।

তিনি বলেন, আমরা সজাগ আছি। ইতোমধ্যে রটনাকারীদের মধ্যে একজনকে ধরা হয়েছে, আরেকজনকে চিহ্নিত করতে পেরেছি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর