কলকাতায় এ-পর্যন্ত দু’জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে এবং সেই দু’জনই সম্প্রতি বিলেত থেকে ফিরে এসেছেন। তার জেরে শহরবাসীর মনে সম্প্রতি বিদেশফেরত নাগরিকদের নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।
নবান্ন জানাচ্ছে, শুধু বিদেশ ঘুরে আসা কলকাতাবাসী নয়, চিন্তা বাড়াচ্ছেন গত দু’সপ্তাহে কলকাতায় আসা ১৪ হাজার বিদেশি নাগরিক। তাঁদের মধ্যে অনেকে চিন, ইউরোপ বা উপসাগরীয় দেশগুলি থেকে এসেছেন।
সরকারি তথ্য জানাচ্ছে, শুক্রবার পর্যন্ত রাজ্যে ১৯,৫০০ মানুষ বাড়িতে স্বেচ্ছাবন্দি হয়ে রয়েছেন। তাঁদের অধিকাংশই বিদেশফেরত। কিন্তু ১ মার্চ থেকে ১৭ মার্চের মধ্যে যে-সব বিদেশি কলকাতায় এসেছেন, তাঁরা কোথায় আছেন, তার যথাযথ তথ্য রাজ্য সরকারের কাছে নেই।
নবান্নের স্বরাষ্ট্র দফতরের কর্তারা জানান, এই তথ্য রাখার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বিদেশি নিবন্ধীকরণ বিভাগের। তারাই মূলত শহরে আসা বিদেশিদের খোঁজখবর রাখে। যদিও বিদেশি নিবন্ধীকরণ বিভাগের কর্তারা জানাচ্ছেন, কোনও বিদেশির ভিসা ফর্মে শহরে থাকার যে-ঠিকানা থাকে, সেটির সঙ্গে সবিস্তার তালিকা সরকারকে দেওয়া হয়েছে। বিদেশিরা কলকাতায় এসে কোথায় ঘুরে বেড়াচ্ছেন, তা দেখতে হলে পুলিশকেই মাঠে নামতে হবে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বার্তাবাজার/কে.জে.পি