দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় ৭ ব্যবসায়ীকে জরিমানা
সারা বিশ্বে যখন করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক, আমাদের দেশে একে পুঁজি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেশি রাখা সহ কৃত্রিম সংকট তৈরি করে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। এই অভিযোগে ঢাকার ধামরাইয়ে ৭ জন অসাধু ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০ মার্চ) ধামরাই পৌর বাজার, আইঙ্গন ও কালামপুর বাজারের বিভিন্ন মুদি দোকান, চালের আড়ৎ ও মিল এবং খুচরা বাজারে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার এর নেতৃত্বে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার বলেন, করোনাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী দোকানে মূল্য তালিকা ছাড়াই ক্রেতাদের কাছ থেকে ইচ্ছামতো দাম বাড়িয়ে পণ্য বিক্রী করছেন। এই অপরাধে ৭ জন ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এব্যাপারে, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক জানান, দেশে কোন পণ্যের সংকট নেই। এরপরও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার লোভে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করছে। বাজার নিয়ন্ত্রনে রাখতে এধরণের অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এমকে