নেত্রকোনায় করোনা আক্রান্ত সন্দেহে একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। জেলার মোহনগঞ্জ উপজেলায় সৌদি ফেরত আম্বিয়া নামক নারীর প্রাথমিক তদন্তে করোনা ভাইরাস লক্ষণ দেখা দিলে তাকে ঢাকায় প্রেরন করা হয়।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নুর মো. শামসুল আলম জানান, দোবাই ফেরত আম্বিয়া (৩২) বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুরে জ্বরে আক্রান্ত হয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যান। প্রাথমিক তদন্তে করোনা ভাইরাস লক্ষণ পাওয়া যাওয়ায় দোবাই ফেরত আম্বিয়ার করোনার বিষয়টি নিশ্চিত করার জন্য তাকে জরুরী ভিত্তিতে ময়মনসিংহ এস কে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জেলার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের রামজীবনপুর গ্রামের আবদুল মোতালিবের স্ত্রী আম্বিয়া গত ১৫ মার্চ দোবাই থেকে দেশে ফিরে বাড়িতে যান।
এ ঘটনায় প্রাথমিকভাবে করোনা আক্রান্ত সংবাদ পেয়ে ডা. নুর মো. শামসুল আলম ও ডা. সুবীর সরকার ছাড়া রোগীসহ নার্সরা হাসপাতাল ত্যাগ করেন। হাসপাতালে ভিতিকর অবস্থা বিরাজ করছে।
নেত্রকোনার জেলা প্রশাসক মঈনুল ইসলাম বলেন, বিভিন্ন দেশ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৮শত ৭জন ব্যক্তি দেশে ফিরে এসেছেন। যাদের প্রত্যেকের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়। এ পর্যন্ত জেলায় বিদেশ ফেরত ৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।