ইতালি থেকে ফেরত আসা প্রবাসীদের রাখা হয়েছে গাজীপুর সিটির পূবাইল মেট্রো থানায় মেঘডুবীতে ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।
সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা ৩৬ জনের সুরক্ষায় রয়েছে পূবাইল থানার পুলিশ। আর এসব পুলিশ সদস্য কোনো প্রকার প্রতিরোধক ছাড়াই তাদের কর্তব্য পালন করে যাচ্ছে। ফলে এখন তারাও ঝুঁকির মধ্যে রয়েছে ।
জানা গেছে, মেঘডুবী ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোনো প্রকার প্রতিরোধক পোশাক, মাস্ক ও জরুরি স্বাস্থ্য সরঞ্জামাদি ছাড়া পূবাইল থানার পুলিশ সদস্যরা নিরলস বাভে তাদের কর্তব্য পালন করে যাচ্ছে। তারা স্বাস্থ্য ঝুঁকি নিয়েই কর্তব্যের খাতিরে অসহায় অবস্থায় সেবা দিয়ে যাচ্ছেন। যদিও ওই হাসপাতালে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের আছে করোনাভাইরাস প্রতিরোধক প্রয়োজনীয় সব কিছু।
পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া যুগান্তরকে বলেন, আমার এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা সবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে পুলিশকে প্রয়োজনীয় বিশেষ পোশাকসহ স্বাস্থ্য সরঞ্জামাদি সরবরাহ করা সংশ্লিষ্ট বিভাগের ভেবে দেখা উচিত। কারণ আমরা ও পুলিশের পোশাকে মানুষ হিসেবে প্রকট স্বাস্থ্য ঝুঁকিতে আছি।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, আমার বার্তা এটাই- কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্যরা যেন নিরাপদ দূরত্ব বজায় থাকে। তাছাড়া বিশেষ মাস্ক তাদের জন্য বরাদ্দ করা আছে। চাওয়া মাত্রই তাদেরকে দেয়া হবে।
বার্তাবাজার/এমএম