বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়া করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কুমিল্লা জেলায় ৮৭০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের অধিকাংশই প্রবাসী। করোনাভাইরাসে আক্রান্ত বিভিন্ন দেশ থেকে সম্প্রতি দেশে ফিরেছেন তারা।
আজ শুক্রবার(২০ মার্চ) দুপুরে কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এই তথ্য জানান।
তিনি বলেন, গত ১ মার্চ থেকে এই পর্যন্ত ১৪’শ জন প্রবাসী বিভিন্ন দেশ থেকে কুমিল্লায় এসেছেন। তারা কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এর মধ্যে ৮৭০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গত ৮ মার্চ বাংলাদেশেও করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসটিতে ২০ জন আক্রান্ত হয়। তাদের মধ্যে সত্তরোর্ধ এক ব্যক্তি মারা যান।
দেশব্যাপী করোনার বিস্তার ঠেকাতে বিদেশ থেকে যারা দেশে ফিরেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়। যারা এই নির্দেশ অমান্য করছেন তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি