যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় মহামারি করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সেখানকার সব বাসিন্দাকে বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির গভর্নর গেভিন নিউসম এক বিবৃতিতে এ নির্দেশ দেন।
তিনি বলেন, চলমান এই পরিস্থিতিতে আপনারা কেউ খুব জরুরি প্রয়োজন ছাড়া বের হবেন না। এটা এমন একটা মুহূর্ত যখন আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বাস্তবতা মেনে নিতে হবে।
তিনি আরো বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে আগামী আট সপ্তাহের মধ্যে ৫৬ শতাংশ ক্যালিফোর্নিয়াবাসী কোভিড-১৯ রোগে সংক্রমিত হতে পারেন। বর্তমানে রাজ্যজুড়ে হাসপাতালগুলোতে আরও ২০ হাজারের বেশি শয্যার প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। চার কোটিরও বেশি লোকের বসবাস এখানে।
গেভিন আশঙ্কা করেন, মহামারি করোনাভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ শহর লস অ্যাঞ্জেলেসও ব্যাপকভাবে আক্রান্ত হতে পারে।
যুক্তরাষ্ট্রে সবগুলো অঙ্গরাজ্যেই করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী দেশটিতে প্রায় ১৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২১৮ জনের।
চীনের উহান থেকে সৃষ্ট এই ভাইরাসটি এখন পর্যন্ত বিশ্বের ১৭৯টি দেশে ছড়িয়ে পড়েছে। এতে মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৭৭৩ জন। প্রাণ হারিয়েছে ১০ হাজার ৬২ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮ হাজার ৪৮৮ জন।
সূত্র: বিবিসি, ওয়ার্ল্ডওমিটার
বার্তাবাজার/কে.জে.পি