বিজেপিকে ‘গণতন্ত্র ঘাতক’ বলে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী কমল নাথ

শেষে ইস্তফাই দিলেন ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে আস্থা ভোট করতে হবে মধ্য প্রদেশে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

শুক্রবার সকাল ১১টায় পরিষদীয় দলের বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে বৈঠকের পর সাংবাদিকদের সামনে পদত্যাগের কথা ঘোষণা করেন কমল নাথ। রাজ্যপাল লালজি টন্ডনের কাছে পদত্যাগপত্র জমা দিতে গিয়েছেন তিনি।

কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে ক্ষোভ উগরে দেন গেরুয়া শিবিরের প্রতি। বলেন, ‘৫ বছরের জন্য ক্ষমতায় বসিয়েছিল রাজ্যের মানুষ। BJP গণতন্ত্রকে হত্যা করেছে। জোর করে বিধায়কদের আটকে রাখা হয়েছে। তবে সত্যি সামনে আসবেই। মানুষ ক্ষমা করবে না ওদের।’

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘনিষ্ঠ ২২ বিধায়কের ইস্তফার পরেই মধ্যপ্রদেশে কমল নাথ সরকারের সংকট দেখা দেয়। তার জেরে ১৪ মার্চ সোমবার আস্থা ভোটের নির্দেশ দেন রাজ্যপাল। কিন্তু করোনার কারণে বিধানসভার অধিবেশন ২৬ দিনের জন্য পিছিয়ে দেন স্পিকার। তার পরেই এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় BJP। সাংবিধানিক পদ্ধতির ফাঁকফোকর খুঁজে হোক, রাজনৈতিক কৌশল কিংবা আইনি লড়াইয়ের মাধ্যমে মধ্যপ্রদেশের আস্থা ভোট পিছিয়ে দিতে চায় কংগ্রেস। এমন অভিযোগে সরব ছিল গেরুয়া শিবির। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানায় BJP।

সূত্র: এই সময়

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর