করোনাভাইরাস: বন্ধ হচ্ছে দৌলতদিয়া যৌনপল্লী

করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় বাংলাদেশ কার্যত লকডাউন হয়ে যাচ্ছে। এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাময়িক সময়ের জন্য বন্ধ হতে পারে দেশের বৃহত্তর দৌলতদিয়া যৌনপল্লী।

আজ শুক্রবার(২০ মার্চ) গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ওসি আশিকুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। আমাদের সবাইকে সচেতন হতে হবে। তাই দৌলতদিয়া যৌনপল্লী ১৫ দিনের জন্য সাময়িক বন্ধ করার আলোচনা চলছে। কারণ দেশের বৃহত্তর এ যৌনপল্লীতে প্রায় ১ হাজার ৬০০ জন যৌনকর্মী রয়েছেন। এছাড়া এখানে প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসা যাওয়া করেন।

রাজবাড়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমানের উদ্দোগে বিভাগীয় কমিশনার ও ত্রাণ মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই ১৫ দিনের জন্য বন্ধ করা হতে পারে এ যৌনপল্লী। বরাদ্দ অনুযায়ী প্রতিজন যৌনকর্মীকে ২০ কেজি করে চাল দেয়া হবে এবং ওই সময় পল্লীর বাড়ি মালিকরা ভাড়া নিতে পারবেন না।

দৌলতদিয়া যৌনপল্লী বন্ধ হলে রাজবাড়ীবাসীর ঝুঁকি অনেকটা কমবে বলে ধারণা স্থানীয়দের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর