করোনা: ইরানে প্রতি ১০ মিনিটে মারা যাচ্ছেন একজন

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনা সংক্রমণে সবচেয়ে বিপদাপন্ন দেশ ইরান। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রতি ১০ মিনিটে মারা যাচ্ছেন একজন করে করোনা আক্রান্ত ব্যক্তি।

ইরানের পরিস্থিতি উন্নতির কোনও লক্ষণ আপাতত নেই। আজই ১৪৯ জনের মৃত্যুর খবর মিলেছে নতুন করে। দেশের স্বাস্থ্য মন্ত্রকই জানাচ্ছে, প্রতি দশ মিনিটে সেখানে এক জন নাগরিকের মৃত্যু হচ্ছে। মৃতের সংখ্যা ১,২৮৪। আক্রান্ত ১৮ হাজারেরও বেশি।

বৃহস্পতিবার(১৯ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক টুইটে এমনটি জানা গেছে।

টুইট বার্তায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেন, আমাদের তথ্যের ওপর ভিত্তি করে বলতে পারি, করোনাভাইরাসে প্রতি ১০ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে এবং প্রতি ঘণ্টায় ৫০ জন এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

ভাইরাসটিতে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিপ্লবী বাহিনীর কমান্ডারসহ অনেকেই মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের এক উপদেষ্টা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত বিশ্বের প্রায় আড়াই লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া এই ভাইরাসে বিশ্বে মারা গেছেন ১০ হাজারের বেশি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর