চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বাংলাদেশেও প্রকোপ ছড়াতে শুরু করেছে। এখন পর্যন্ত দেশে ১৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ জনের ইতোমধ্যে লকডাউন করা হয়েছে মাদারীপুরের শিবচর উপজেলা। এই পরিস্থিতি খারাপের দিকে গেলে সংক্রমণ রোধে সারাদেশে বাস, ট্রেন ও নৌ চলাচল বন্ধ করে দেবে সরকার।
রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিটি ট্রেন ও স্টেশনে সতর্কতা ব্যবস্থা নিয়েছি। এই মুহূর্তে কমলাপুর, বিমানবন্দর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটসহ বড় বড় রেল স্টেশনে যাত্রী প্রবেশ করার আগে হ্যান্ড মেশিনে যাত্রীর শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে, তারপর ট্রেনে উঠতে বলা হচ্ছে। এসব স্টেশনগুলোতে চিকিৎসকসহ রেলওয়ে স্টাফরা সহযোগিতা করছেন।’
ট্রেনগুলো জীবাণুমুক্ত করতে পর্যাপ্ত জীবাণুনাশক ওষুধ নেই জানিয়ে মন্ত্রী দাবি করেন, ‘ট্রেনগুলো জীবাণুমুক্ত করতে যাত্রী ওঠার আগে আসন ও হাতলগুলো পরিষ্কার করা হচ্ছে। ট্রেনগুলো জীবাণুমুক্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলা হবে।’
সচেতনতা সৃষ্টিতে স্টেশনে স্টেশনে মাইকিং করা হচ্ছে। ট্রেনে যাতায়াত করার আগে যাত্রীদের মাস্ক ব্যবহার করার জন্য আহ্বানও করেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
নুরুল ইসলাম সুজন আরও বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ যদি খুবই খারাপ অবস্থার দিকে গেলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে নির্দিষ্ট সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হবে।’ ।।ইউএনবি।।
বার্তা বাজার / ডাব্লিও.এস