মালয়েশিয়া, বাহরাইনের পর এবার সৌদির প্রধান দুটি মসজিদে জুমার নামাজ বাতিল করা হয়েছে। মক্কা ও মদীনার ওই দুই মসজিদে নামাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সৌদি গ্যাজেট এ খবর জানিয়েছে।
মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববীর সাধারণ সভাপতির মুখপাত্র এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন। যার ফলে শুক্রবার ওই দুই মসজিদে কেউ জুমার নামাজ আদায় করতে পারবে না।
এর আগে এই দুই মসজিদ বাদে দেশটির সব মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল সৌদি সরকার।
কিন্তু করোনার কারণে বিশ্বে যে মহামারি পরিস্থিতি দেখা দিয়েছে তার বিরুদ্ধে লড়াই করতে এবং করোনার বিস্তার ঠেকাতে এবার এই দু’টি মসজিদও সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে শুক্রবার থেকে মক্কা এবং মদীনার দুই প্রধান মসজিদে লোকজনের অবস্থান এবং নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নিরাপত্তা, স্বাস্থ্য ও স্থানীয় কর্তৃপক্ষ।
এই দুই মসজিদে আসা মুসল্লিদের মধ্যে যেন করোনার বিস্তার ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই এমন ব্যবস্থা নেয়া হয়েছে। স্বাস্থ্য ও সুরক্ষার জন্য এ বিষয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। সৌদি আরবে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে ২৭৪ জন আক্রান্ত হয়েছে। তবে দেশটিতে এখনো কোন মৃত্যুর খবর পাওয়া যায় নি।
বার্তা বাজার / ডাব্লিও.এস