করোনা ভাইরাস : মালয়েশিয়ায় ৬ লাখ বাংলাদেশি গৃহবন্দি

মালয়েশিয়ায়ও মহামারি আকারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ২৪ ঘন্টায় দেশটিতে আরও ১১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মালয়েশিয়ায় এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০০। মৃত্যু হয়েছে ২ জনের।

এমতাবস্থায় মালয়েশিয়ায় ৬ লাখ প্রবাসী বাংলাদেশি গৃহবন্দি অবস্থায় রয়েছেন। যদিও বাংলাদেশিদের কেউ এখন পর্যন্ত সেখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। তবুও প্রবাসীরা চরম আতঙ্কে দিন পার করছেন।

করোনাভাইরাস প্রতিরোধে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। দেশটির পথঘাট এখন জনশূণ্য। লকডাউন ঘোষনার পর দেশটিতে ৬ লাখ প্রবাসী বাংলাদেশি অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।

মালয়েশিয়া সরকার ঘোষিত ‘লকডাউন’ সময়ে শ্রমিকদের বেতন দিতে নির্দেশনা প্রদান করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। সরকার ঘোষিত এই বন্ধের আদেশের দিনগুলোতে শ্রমিকদের বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করার জন্য নিয়োগদাতা ও মালিক পক্ষকে নির্দেশ দেয়া হয়।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান বলেছেন, চলমান নিষেধাজ্ঞা আদেশের অধীনে ৩১ মার্চ পর্যন্ত শ্রমিকদের বেতন পাওয়ার অধিকার রয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর