করোনার বিরুদ্ধে প্রাথমিকভাবে সবছেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করে সাবান-পানি। কিন্তু আপনি জানেন কি বিশ্বের প্রায় ৩০০ কোটি মানুষের হাতেই সাবান-পানি নেই। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে। এ দুই মহাদেশের বেশিরভাগ মানুষের জন্যই পর্যাপ্ত পানি নেই। বৃহস্পতিবার এক রিপোর্টে এ বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ।
ইতিমধ্যে করোনাভাইরাস বিশ্বের ১৬৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লক্ষাধিক মানুষ। যার ফলে প্রাণ হারিয়েছেন ৯ হাজার। প্রায় দুই মাস তাণ্ডব চালানোর পর এ মুহূর্তে চীনে এর প্রকোপ কমে এসেছে। মহামারী ঠেকাতে কঠিন লড়াই করছে ইউরোপের দেশগুলো। লাখ লাখ মানুষকে ঘরবন্দি করে ফেলেছে। বন্ধ করে দিয়েছে সীমান্ত ও সব ধরনের যোগাযোগ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হাতে নোংরা কিছু লাগলেই সাথে সাথে সাবান-পানি দিয়ে ধুয়ে নিতে হবে। হাতে নোংরা কিছু না দেখা গেলে অ্যালকোহলসমৃদ্ধ হ্যান্ড রাব (হ্যান্ড স্যানিটাইজার) অথবা সাবান-পানি দিয়ে বারবার হাত ধুতে হবে। কিন্তু জাতিসংঘ বিশেষজ্ঞরা বলছেন, এ দুই মহাদেশের ৪০ ভাগ মানুষেরই তথা ৩০০ কোটি জনগণের হাত ধোয়ার ব্যবস্থা নেই।
কেএ/বার্তাবাজার