বিমানবন্দরে নেমেই বিদেশ ফেরতরা যাবে সেনাবাহিনীর তত্বাবধানে

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ফ্লাইট থেকে বিমানবন্দরে নেমেই বিদেশ ফেরত যাত্রীরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে যাবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তৃতির সম্ভাব্যতা এবং প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনীকে দুইটি কোয়ারেন্টাইনের দায়িত্ব দিয়েছে সরকার। সেগুলো হলো- বিমানবন্দর সংলগ্ন হজ ক্যাম্প এবং উত্তরার দিয়াবাড়ি সংলগ্ন রাজউক অ্যাপার্টমেন্ট কোয়ারেন্টাইন।

এ কর্মসূচির অংশ হিসেবে বিদেশ থেকে আগত যাত্রীদের স্ক্রিনিং শেষে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্বাচিত ব্যক্তিবর্গকে বিমানবন্দরে প্রয়োজনীয় ইমিগ্রেশন শেষে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের পর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এ সকল যাত্রীদের বিমানবন্দর থেকে কোয়ারেন্টাইনে স্থানান্তর, ডিজিটাল ডাটা এন্ট্রি কার্যক্রম, কোয়ারেন্টাইনে খাওয়া থেকে আনুষঙ্গিক সেবার ব্যবস্থা করা হবে।

এ কাজে সেনাবাহিনীকে অন্যান্য স্বাস্থ্যসহ মন্ত্রণালয় সহায়তা করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সারা বিশ্বে মৃত্যু হয়েছে ৯ হাজারেরও বেশি মানুষের। বাংলাদেশে এখন পর্যন্ত ১৮ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ জনের।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর